
ছবি: প্রতিনিধি
কুমিল্লা জেলার দেবিদ্বার এস.এ. সরকারি কলেজ হোস্টেলের পেছনে প্রায় ১৫টি পরিবারের চলাচলের রাস্তা ও ড্রেনেজ-সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। পরে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
রোববার সকালে দেবিদ্বার উপজেলা প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কলেজ ছাত্রাবাস-সংলগ্ন এলাকায় বসবাস করলেও তাদের জন্য কোনো স্থায়ী রাস্তা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকা জলাবদ্ধ হয়ে বাসাবাড়িতে পানি ওঠে এবং চরম দুর্ভোগের সৃষ্টি হয়। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের চলাচলে নানামুখী সমস্যার সৃষ্টি হয়।
ভুক্তভোগীরা কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর কাছে মানবিক আবেদন জানিয়ে বলেন, ১৫টি পরিবারের চলাচলের সুবিধার্থে দ্রুত একটি রাস্তা এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে এর আগেও উপজেলা প্রশাসন, পৌরসভা, কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় সুধীসমাজের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে ড্রেন নির্মাণ এবং প্রায় ৩ ফুট প্রশস্ত একটি হাঁটার পথ উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে ভুক্তভোগী পরিবারের দাবি, সিদ্ধান্ত গ্রহণের পরও তা বাস্তবায়ন না হওয়ায় তারা এখনো ভোগান্তির শিকার হচ্ছেন। তাই দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং স্থায়ী সমাধানের দাবিতে তারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন নয়; বরং মানবিক কারণে সাধারণ মানুষের ন্যূনতম চলাচলের অধিকার নিশ্চিত করার দাবি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।