
লাখাই আঞ্চলিক সড়কে গাড়ির ত্রিমুখী সংঘর্ষ
হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়কের করাব এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
রোববার ১০টার দিকে হবিগঞ্জ থেকে লাখাই অভিমুখী একটি পিকআপভ্যান ও বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার দ্বিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টায় করাব এলাকায় দ্রুতগামী গাড়িগুলোর মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে সিএনজি ও পিকআপভ্যানটি ছিটকে সড়কের পাশে খালে পড়ে এবং সিএনজি টি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একটি শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। খবর পেয়ে লাখাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া জানান, তাৎক্ষণিক আহতদের পরিচয় যানা যায়নি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।