মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৭৮৮ কোটি টাকা ঋণ শোধ করল সরকার


অক্টোবর ৬, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ঋণ নেওয়ার বদলে আগের ঋণের ৭৮৮ কোটি টাকা পরিশোধ করেছে সরকার। এতে গত জুন শেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকারের ঋণ ৯৪ হাজার ৫২ কোটি টাকা থেকে কমে ২৪ সেপ্টেম্বর ৯৩ হাজার ২৬৪ কোটি টাকায় নেমেছে।

তবে একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ঋণ বেড়েছে ২৬ হাজার ৯৭৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সরকারের ঋণ ছিল ৫ লাখ ৯১ হাজার ৪২৪ কোটি টাকা। ২৪ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১৮ হাজার ৪০৩ কোটি টাকা।

কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক মিলিয়ে ২৪ সেপ্টেম্বর ব্যাংকব্যবস্থায় সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৬৬৭ কোটি টাকা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ পরিশোধের ফলে অর্থনীতিতে নতুন অর্থের প্রবাহের চাপ কিছুটা কমতে পারে। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ সহজ হতে পারে। তবে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ায় সামগ্রিক ঋণ পরিস্থিতিও বিবেচনায় নেওয়া জরুরি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সরকারের আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি থাকলে তা পূরণে দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ নিতে হয়। এনবিআরের মাধ্যমে আদায় করা করসহ অন্যান্য রাজস্ব দিয়ে সরকারের সব ব্যয় মেটানো সম্ভব না হলে ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেওয়া হয়।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভর্তুকি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং আগের ঋণের সুদ ও আসল পরিশোধে এই অর্থ ব্যয় করা হয়। বাজেটে সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব করেই ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আয় বাড়লে সরকার সেই ঋণের একটি অংশ পরিশোধ করতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ব্যাংকব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে প্রথম তিন মাসেই ঋণ নেওয়ার পরিমাণ ২৬ হাজার ১৯০ কোটি টাকায় পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারের হাতে রাজস্ব আয়, সরকারি আমানত বা অন্য কোনো উৎস থেকে অর্থ এলে তা দিয়ে আগের ঋণের একটি অংশ পরিশোধ করা সম্ভব হয়। আবার সরকারের নগদ অর্থের চাহিদা, রাজস্ব আদায়ের সময় ও ব্যয়ের ধরন অনুযায়ী ঋণ নেওয়া এবং পরিশোধের পরিমাণ পরিবর্তিত হয়।

তিনি বলেন, অর্থবছরের শুরুতে সাধারণত রাজস্ব আদায় তুলনামূলক কম থাকে। অন্যদিকে সরকারি বিভিন্ন ব্যয় মেটানোর প্রয়োজন থাকে। ফলে এ সময়ে ঋণ নেওয়ার চাপ বাড়তে পারে। পরে আয়-ব্যয়ের পরিস্থিতি অনুকূলে এলে সরকার ঋণ পরিশোধ করতে পারে। তবে এর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই; সরকারের সামগ্রিক নগদ অর্থের অবস্থার ওপরই বিষয়টি নির্ভর করে।

অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নিলে ব্যাংকব্যবস্থায় নতুন অর্থের সরবরাহ বাড়তে পারে। পণ্য ও সেবার সরবরাহের তুলনায় অর্থের প্রবাহ বেড়ে গেলে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ কমানো ইতিবাচক।

তবে ঋণ পরিশোধে অর্থের উৎসও গুরুত্বপূর্ণ। সরকার যদি বাংলাদেশ ব্যাংকের ঋণ পরিশোধ করতে গিয়ে বাণিজ্যিক ব্যাংক থেকে সমপরিমাণ বা তার বেশি ঋণ নেয়, তাহলে সরকারের মোট ঋণ কমার বদলে শুধু ঋণের উৎস পরিবর্তিত হতে পারে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়া হলে বেসরকারি খাতের ঋণপ্রাপ্তির ওপর চাপ তৈরি হতে পারে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ঋণ না নিয়ে আগের ঋণ পরিশোধ করা ইতিবাচক। তবে সরকারের ঋণের সামগ্রিক চিত্র বুঝতে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য উৎস থেকে নেওয়া ঋণের হিসাবও বিবেচনায় নিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, সরকারের জন্য মূল চ্যালেঞ্জ হলো রাজস্ব আয় বাড়িয়ে ঋণনির্ভরতা কমানো। রাজস্ব আদায় বাড়ানো গেলে দৈনন্দিন ব্যয় ও উন্নয়ন কর্মকাণ্ডে ঋণের ওপর নির্ভরতা কমতে পারে। পাশাপাশি সরকারি ব্যয়ের দক্ষতা বাড়ানো এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার নির্ধারণ করাও জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});