দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে জনজীবনে স্বস্তি ফিরলেও আবহাওয়ার নতুন পূর্বাভাসে ঝড়-বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, বুধবার (২৯ এপ্রিল) রাত ১টার মধ্যে দেশের ১১ জেলায় ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব জেলায় রয়েছে—রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।
তিনি আরও জানান, এই সময়ে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ভোলা, ফেনী, ময়মনসিংহ, পটুয়াখালী ও কুমিল্লাসহ বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে।
তবে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আবার বাড়তে পারে।
