রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

রাখার জায়গা না থাকায় সাগরে তেল ফেলে দিচ্ছে ইরান?

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সাগরে তেল ফেলে দিচ্ছে ইরান?

সাগরে তেল ফেলে দিচ্ছে ইরান?

ইরান প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল উৎপাদন করে। এর সিংহভাগই রফতানি হয় খার্গ দ্বীপের প্রধান টার্মিনাল দিয়ে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে অবিক্রিত তেল মজুত করার জায়গা ফুরিয়ে আসছে দেশটির। মার্কিন নৌ-অবরোধের কারণে পারস্য উপসাগর থেকে তেলের ট্যাঙ্কারগুলো বের হতে পারছে না। মজুত সংকট মেটাতে ইরান পুরোনো তেলের ট্যাঙ্কার ও ভাসমান ভাণ্ডার ব্যবহার করলেও সেগুলো দ্রুতই পূর্ণ হয়ে গেছে।

তেহরানের জন্য বড় দুশ্চিন্তার বিষয় হলো, চাইলেই তারা তেল উৎপাদন বন্ধ করতে পারছে না। কারণ, উৎপাদন বন্ধ করলে ভূগর্ভস্থ তেলস্তর বা রিজার্ভারের স্থায়ী ও মারাত্মক ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে মজুত করার জায়গা না থাকায় ইরান সমুদ্রে তেল ফেলে দিচ্ছে কি না, সেই প্রশ্ন উঠেছে।

খার্গ দ্বীপের প্রধান তেল রফতানি টার্মিনালের কাছে সমুদ্রের পৃষ্ঠে বড় বড় কালো দাগ ধরা পড়েছে স্যাটেলাইট বা উপগ্রহ চিত্রে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম ওয়াইনেট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) সেন্টিনেল চিত্রে গত কয়েক সপ্তাহে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির আশপাশে তেলের বিশাল আস্তর দেখা গেছে। গত ৫ মার্চ কুয়েত উপকূল, ১০ এপ্রিল লাভান দ্বীপ এবং সর্বশেষ ৬ মে খার্গ দ্বীপের পশ্চিমে প্রায় ১২০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে তেলের এই আস্তর দেখা গেছে, যা আয়তনে একটি বড় শহরের সমান।

বিশ্লেষকরা বলছেন, রাডার ডাটা অনুযায়ী সমুদ্রের এই কালো দাগগুলো ছড়িয়ে পড়া তেলেরই পাতলা স্তর। তবে বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে, কেবল উপগ্রহ চিত্র দিয়ে এটি প্রমাণ করা কঠিন। শ্যাওলা, পলি বা সূর্যের আলোর প্রতিফলন থেকেও এমন দেখা যেতে পারে। তবুও তেলের অবকাঠামোর কাছাকাছি এই দাগগুলো দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে।

অবরোধের মধ্যেও ইরান বিকল্প পথে তেল বিক্রি চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা অবরোধ সত্ত্বেও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, অন্তত ১৩টি ইরানি ট্যাঙ্কার ইন্দোনেশিয়ার রিইউ দ্বীপপুঞ্জের কাছে সাগরে অন্য জাহাজে তেল স্থানান্তর করেছে। এর মাধ্যমে প্রায় ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল বিক্রি করা হয়েছে যার বাজারমূল্য প্রায় ২০০ কোটি ডলার। এই তেল সম্ভবত চীনের ক্রেতাদের কাছে পৌঁছানো হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, ইরান আরও কয়েক মাস এই অবরোধ মোকাবিলা করার সক্ষমতা রাখে। তবে মজুত সংকটের কারণে ইরান যদি সত্যিই ইচ্ছাকৃতভাবে সমুদ্রে তেল ফেলে দেয়, তবে তা একটি বড় পরিবেশগত বিপর্যয়ের কারণ হতে পারে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।