বিশ্ব মা দিবস ২০২৬ উপলক্ষে ৩১ মাকে ‘রত্নগর্ভা সম্মাননা’ দিয়েছে উত্তরা পাবলিক লাইব্রেরি।
রোববার (১০ মে) বিকালে রাজধানীর উত্তরা লেডিস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘মা সন্তানের আদর্শ বিদ্যানিকেতন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ড. শাহনওয়াজ দিলরুবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ইউনিভার্সিটি অব ইন্টিগ্রেটেড থটসের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ।
তিনি বলেন, ‘মা শুধু একটি সম্পর্কের নাম নয়, তিনি একজন সন্তানের প্রথম শিক্ষক ও নৈতিকতার ভিত্তি। পরিবারে মায়ের মূল্যবোধ থেকেই একটি সুন্দর সমাজ গড়ে ওঠে।’
বিশেষ অতিথির বক্তব্যে বিজিএমইএ ও মাসকো ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক ফাহিমা আক্তার বলেন, ‘মায়েদের ত্যাগ ও ভালোবাসার কারণেই সমাজে মানবিক মূল্যবোধ টিকে থাকে। তাই মায়েদের যথাযথ সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।’
ইম্প্রুভ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএম জহির ফারুক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘এ সম্মাননা দেশের সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। সন্তানের সাফল্যের পেছনে মায়ের অবদানই অনস্বীকার্য।’
অনুষ্ঠানে ইনস্পরেশন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দা মুনিরা ইসলাম বর্তমান প্রেক্ষাপটে পারিবারিক বন্ধন রক্ষায় মায়েদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্যে উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান বলেন, ‘উত্তরা পাবলিক লাইব্রেরি সবসময় মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করে। মা দিবসে ৩১ জন মাকে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত।’
তিনি আরও বলেন, ‘আগামী প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি।’
অনুষ্ঠানে সঞ্চালনা করেন আশরাফ-উল-আলম সবুজ।
সম্মাননা প্রাপ্তরা হলেন বিলকিস জামান, সৈয়দ হীরা মীন হিরু, প্রফেসর হাসপিয়া বসিরুল্লাহ, প্রফেসর মমতাজ বেগম, প্রফেসর ফাতেমা হোসনে আরা, ড. পারভিন আক্তার জেমী, খুরশীদ জাহান, নাছিমা আক্তার, জেছমিন আক্তার খানম, হাসিনা বেগম, মাহমুদা আক্তার, মাসুদা পারভীন রুনু, লায়লা কবির, শিল্পী দেবী, আয়েশা বেগম, ইশরাত জাহান বিথী, রিজিয়া খাতুন, তৌহিদা আক্তার হেনা, ফাতেমা বেগম, শামিমা রহমান, কুহিনুর আক্তার, উম্মে সালমা, সাবিহা সুলতানা, নিলুফা ইয়াসমিন, আফরোজা জহির, মরহুমা খাদিজা বেগম, শিল্পী আক্তার, বেগম হাসিনা সরকার, কাজী ইয়াছমিন লায়লা, মন্নু জাহান ও মোসা. ফাতেমা আক্তার।
কুশল/সাএ