কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
সোমবার (১৮ মে) রাতে সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ কুমিল্লার সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু।
গ্রেপ্তারকৃত আসামির নাম জহিরুল ইসলাম ওরফে জহির হিজড়া (৪৬)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার জাপর আলীর ছেলে। নিহত তৃতীয় লিঙ্গের ব্যক্তির নাম এনামুল হক শিশির ওরফে মাহি (৩৫)। তিনি বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের কামরুল হক ফরহাদের সন্তান।
র্যাব জানায়, গত ১৩ মে সকালে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি টিনশেড বাসায় এনামুল হক শিশিরের হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জহিরকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।
র্যাবের সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু জানান, নিহত শিশির ও অভিযুক্তরা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন। প্রাথমিক অনুসন্ধানে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত ও আসামিদের বিরুদ্ধে আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।