বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
তিনি জানান, কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে দেশে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৮ মে ঈদুল আজহা পালিত হবে।
ঈদে ৭ দিনের সরকারি ছুটি
ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে।
তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিসসহ জরুরি পরিষেবা এই ছুটির আওতার বাইরে থাকবে এবং এসব প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
সংবাদপত্রে ৫ দিনের ছুটি
ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রে এবার পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ছুটি পালন করা হবে। ফলে ২৭ থেকে ৩০ মে পর্যন্ত দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না।
স্কুল-কলেজে ছুটি
সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ৪ জুন পর্যন্ত।
এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এসব শিক্ষাপ্রতিষ্ঠান ৭ জুন (রোববার) পুনরায় খুলবে।
সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।
মাদরাসায় প্রায় ২৩ দিনের ছুটি
দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত।
১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন থেকে মাদরাসার ক্লাস পুনরায় শুরু হবে।
সে হিসাবে মাদরাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছে।