তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তুলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও সাংবাদিক আনিস আলমগীরকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।
তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে মঞ্চ ২৪ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে ফ্যাসিবাদবিরোধী শক্তি আবারও রাজপথে নামবে বলেও তিনি মন্তব্য করেন।
ফাহিম ফারুকী বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসন ঠেকাতে হবে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ১/১১–এর ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং কিছু গণমাধ্যম ব্যক্তিত্বের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও তোলা হয়। পাশাপাশি ইসলামী ব্যাংক, ছাত্রলীগের কর্মকাণ্ড, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার এবং এস আলম গ্রুপের পুনর্বাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
ফাহিম ফারুকী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে। কোনো সরকার ভিন্নমত দমনের চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তার প্রতিরোধ গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক বলেন, সীমান্ত হত্যা ও জাতীয় স্বার্থের প্রশ্নে জনগণকে সচেতন থাকতে হবে। তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিও পুনর্ব্যক্ত করেন।
এ সময় আওয়ামী লীগের রাজনীতি ও অতীত কর্মকাণ্ড নিয়ে সমালোচনামূলক বক্তব্যও তুলে ধরেন তিনি।
কুশল/সাএ