গাজীপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) এক অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৯৩ বোতল (৬৯ দশমিক ৭৫ লিটার) অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তবে অভিযানে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেছেন। র্যাব-১ জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে গাজীপুর মহানগরের গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে র্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ময়মনসিংহ জেলা থেকে একটি প্রাইভেটকারে করে অবৈধ বিদেশি মদের একটি চালান গাজীপুর চৌরাস্তার দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
চেকপোস্টে সন্দেহভাজন প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৭-৩১৮৯) থামিয়ে তল্লাশি করলে গাড়িটির পেছনের অংশে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের বস্তা থেকে ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা মদ ও জব্দ করা প্রাইভেটকারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে বাহিনীটি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে অভিযান চালিয়ে আসছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
