খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের বেতাঙ্গী নদীতে অবৈধভাবে স্থাপিত নেট-পাটা ও বাঁধ অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
৪ এপ্রিল (বুধবার) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী। এ সময় বেতাঙ্গী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মাছ ধরার জন্য পেতে রাখা বিপুল পরিমাণ নেট-পাটা জব্দ ও ধ্বংস করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নদীর প্রবাহ রোধ করে এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত করে অবৈধভাবে নেট-পাটা স্থাপন করে আসছিল। জনস্বার্থে এবং নদীর স্বাভাবিক গতিপথ সচল রাখতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী জানান, সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ভাবেই নদী দখল বা অবৈধ জাল ব্যবহার করে মৎস্য সম্পদ ধ্বংস করতে দেওয়া হবে না।
এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং নদী দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকির দাবিও জানান।
