Dhakainfo24
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারা বাংলা
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

১০০ কোটি ডলার ও সুন্দরী নারী চাইলেন উগান্ডার সেনাপ্রধান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১২, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

উগান্ডার সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির পুত্র মুহুজি কাইনেরুগাবা তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। একই সঙ্গে তিনি তুরস্কের ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

তিনি অভিযোগ করেন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় উগান্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও দেশটি যথাযথ স্বীকৃতি পায়নি, ফলে তাদের আর্থিক ক্ষতি হয়েছে।

কাইনেরুগাবা হুঁশিয়ারি দিয়ে বলেন, তার দাবি ৩০ দিনের মধ্যে পূরণ না হলে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এবং কাম্পালায় অবস্থিত তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি আরও দাবি করেন, সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বন্দর, বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো ও ব্যবসায়িক প্রকল্প থেকে তুরস্ক লাভবান হচ্ছে। অথচ এসব প্রকল্পের নিরাপত্তা দীর্ঘদিন ধরে উগান্ডা নিশ্চিত করে আসছে।

উগান্ডা প্রায় দুই দশক ধরে আফ্রিকান ইউনিয়নের (এইউ) মিশনের অংশ হিসেবে সোমালিয়ায় সেনা মোতায়েন করে আসছে। সেখানে আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে দেশটির সেনারা।

কাইনেরুগাবা বলেন, ‘নিরাপত্তা লভ্যাংশ’ হিসেবে তুরস্কের কাছ থেকে ১০০ কোটি ডলার প্রাপ্য উগান্ডার। তিনি আরও বলেন, ‘তুরস্কের জন্য এটি খুবই সহজ একটি বিষয়… তারা হয় আমাদের অর্থ প্রদান করবে, নয়তো আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেব। তারা চাইলে পাল্টা হিসেবে তুরস্কে আমাদের দূতাবাসও বন্ধ করতে পারে। এতে কোনও সমস্যা নেই।’

এ ছাড়া উগান্ডার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে তুরস্কে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

অপর এক পোস্টে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে কাইনেরুগাবা বলেন, ‘আমি উগান্ডার ১ লাখ সেনা ইসরায়েলে মোতায়েন করতে প্রস্তুত।’

উগান্ডার সেনাপ্রধান অবশ্য প্রায়শই এমন অসংলগ্ন মন্তব্য করে থাকেন। ২০২২ সালের অক্টোবরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বলেছিলেন, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর গরু’ হিসেবে  পরিচিত ১০০টি আনকোলে গরু দিতে প্রস্তুত তিনি।

সূত্র: এনডিটিভি



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।