ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল (প্রস্তাবিত আলিম) মাদ্রাসার উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এবং মাদ্রাসা ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য হাজী মোঃ বিল্লাল হোসেন সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মলাই মিয়া ও মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, কাউন্সিলর দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন মাদ্রাসার শিক্ষক আখি বেগম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এডভোকেট আব্দুল মান্নান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নৈতিকতা ও আদর্শকে ধারণ করে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। দেশের উন্নয়নে দক্ষ ও সৎ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে মাদ্রাসার সুপার আব্দুল মতিন উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। শেষে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
