ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বলেছেন, শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলন বা “মব” করতেও তারা প্রস্তুত।
শুক্রবার (৮ মে) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, গতকাল সিন্ডিকেট সভায় ডাকসুকে কার্যকরভাবে কাজ করতে না দেওয়ার বিষয়ে তিনি আলোচনা করেছেন। তিনি আরও দাবি করেন, এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরলেও অনেক কাজ আটকে থাকে এবং ডাকসুর কোনো সদস্যই বেতন পান না—তারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করছেন।
সর্বমিত্র চাকমা বলেন, তাদের আন্দোলনে সরাসরি উপস্থিত না থাকলেও হাজার হাজার শিক্ষার্থীর সমর্থন রয়েছে এবং শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি উল্লেখ করেন, উপাচার্য তাদের দাবিকে “মব” বলে অভিহিত করেছেন।
এর জবাবে তিনি লিখেছেন, “শিক্ষার্থীদের কল্যাণে ও অধিকার আদায়ে যদি মব করতে হয়, তাহলে আমরা প্রস্তুত।”
কারণ উল্লেখ করে তিনি লেখেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে দিনের পর দিন কাজ আটকে রাখে, ডাকসু ফান্ড আনলেও কাজ আটকে দেয়। এদিকে আমাদের কিচ্ছু করার থাকে না। দিনশেষে শিক্ষার্থীদের থেকে কথা শুনতে হয় আমাদের, তারা তো আর ট্রেজারারের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখেনি।
ডাকসুর এই নেতা লেখেন, আজ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা আন্দোলনে নেমেছি। কারণ, প্রক্রিয়ার মধ্যে থেকে, সিস্টেম মেনে আমাদের অধিকার আদায় হচ্ছে না বরং সুপরিকল্পিতভাবে আমাদের অধিকার খর্ব করা হচ্ছে। শুধু আদর্শিক দ্বন্দ্বের কারণে ডাকসুকে ব্যর্থ করতে তারা পুরো চল্লিশ হাজার শিক্ষার্থীকে ভোগান্তিতে ফেলছে। তারপর, আমরা প্রতিবাদ করলে সেটা মব হয়ে যায়।
কুশল/সাএ