দীর্ঘ চার দিনের রাজনৈতিক অনিশ্চয়তা, জোট আলোচনা ও টানাপোড়েনের পর অবশেষে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন নিশ্চিত করেছে অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল টিভিকে (তামিলাগা ভেট্রি কাজাগাম)। ফলে তামিলনাড়ুর পরবর্তী সরকার গঠনের পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ে বিজয়ের বাসভবনের সামনে সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। ‘টিভিকে, টিভিকে’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দলীয় সূত্রের বরাতে এনডিটিভি জানায়, সংখ্যাগরিষ্ঠতার সমর্থন নিশ্চিত হওয়ার পরই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাতে প্রস্তুতি নিচ্ছেন বিজয়।
গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বড় চমক দেখায় টিভিকে। ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে রাজ্যের দীর্ঘদিনের দুই প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্যে বড় ধাক্কা দেয় দলটি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজ্যপাল স্পষ্ট করে জানান, ১১৮ আসনের সমর্থন ছাড়া কোনো দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে না। এ কারণে গত কয়েকদিন ধরে রাজনৈতিক দরকষাকষি ও জোট আলোচনা তীব্র আকার ধারণ করে।
বিজয়ের হাতে নিজ দলের ১০৭ জন বিধায়ক থাকলেও সরকার গঠনের জন্য আরও অন্তত ১১ জনের সমর্থন প্রয়োজন ছিল। কারণ তিনি দুটি আসনে জয়ী হওয়ায় শপথের আগে একটি আসন ছাড়তে হবে।
এই পরিস্থিতিতে কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন পান বিজয়। এরপর তিনি ভিসিকে, সিপিআইএম ও সিপিআইয়ের সঙ্গে আলোচনা শুরু করেন। এসব দল আগে ডিএমকের জোটে থাকলেও শেষ পর্যন্ত তারা বিজয়ের পক্ষেই অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
সূত্রের বরাতে এনডিটিভি আরও জানায়, ভিসিকে ও বাম দলগুলোর মোট ছয়টি আসনের সমর্থন পাওয়ার মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে টিভিকের। ফলে খুব শিগগিরই সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর রাজনীতিতে এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। কারণ দীর্ঘ ৬২ বছর পর ডিএমকে ও এআইএডিএমকের বাইরে নতুন কোনো দল সরকার গঠনের সুযোগ পেতে যাচ্ছে।