শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির নিরাপত্তাকর্মী এখন ছাত্রদল নেতা

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের নিরাপত্তাকর্মী জুলহাস মিয়া। ইতোমধ্যে বিষয়টি নিয়ে সংগঠনটির ভেতরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে ২ মে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হলে সেখানে যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুলহাস মিয়ার নাম দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, জুলহাস মিয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মূল ফটকে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত।

নিরাপত্তাকর্মী জুলহাস মিয়া জানান, ছোটবেলা থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১৭ সালে চাকরিতে যোগ দেওয়ার পরও বড় ভাইদের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকায় তিনি একটি ‘সম্মানসূচক’ পদ চেয়েছিলেন।

তিনি বলেন, ‘আমি বড় ভাইদের বলেছিলাম, একটা পোস্ট দিলে অন্তত বলতে পারব মহানগরে একটা পদ ছিল। পরে তারা বলেছিলেন সম্মান দিয়ে পার করে দেবেন।’

তবে কমিটিতে থাকা জুলহাস মিয়া তিনিই কি না, সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন বলেও দাবি করেন তিনি। এ কারণে এ নিয়ে কোনো ফেসবুক পোস্টও দেননি বলে জানান।

অন্যদিকে, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি মো. সোহাগ ভূঁইয়া জুলহাসের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিনিই জুলহাস। সে আমাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে। সিভি যাচাইয়ের দায়িত্বে থাকা সহ-সভাপতি আক্তার জানিয়েছিলেন, জুলহাস একজন রানিং স্টুডেন্ট।’

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি মো. আক্তার হোসেন বলেন, জুলহাস যে নিরাপত্তাকর্মী, তা তিনি জানতেন না। তিনি শুধু সিভি গ্রহণ করেছিলেন।

একই ধরনের কথা বলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হান্নান মজুমদারও। বলেন, ‘আমরা জুলহাসের সিকিউরিটি গার্ডের পরিচয় জানতাম না। সে আমাদের সাথে প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। কমিটিতে ছাত্রত্বের ব্যাপারটা এখন নাই, তবে এ জন্য একাডেমিক সার্টিফিকেট লাগে। সে আমাদেরকে প্রাইভেট ইউনিভার্সিটির কাগজপত্র দিয়েছে।’

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘কমিটিতে এমনটি হওয়ার কথা না। বিষয়টি দেখে পরে মন্তব্য করব।’




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।