শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের ৯ম মৃত্যুবার্ষিকী

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথিকৃৎ এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের ৯ম মৃত্যুবার্ষিকী রবিবার (১০ মে) পালিত হবে।

১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কৈলাইন গ্রামে জন্মগ্রহণকারী অধ্যাপক মিয়ান ২০১৭ সালের ১০ মে ইন্তেকাল করেন। তিনি ছিলেন এক বীর মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণকারী গর্বিত সন্তান এবং মরহুম বীর প্রতীক কর্নেল সফিক উল্যার ছোট ভাই।

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রবর্তনের মাধ্যমে অধ্যাপক মিয়ান এক নতুন দিগন্তের সূচনা করেন। তাঁর উদ্যোগেই ১৯৯১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি।

অধ্যাপক মিয়ানের শিক্ষা ও পেশাগত জীবনের পরিসর ছিল অত্যন্ত সমৃদ্ধ ও বর্ণাঢ্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম (অনার্স) ডিগ্রি অর্জন করেন ১৯৬২ সালে এবং এমকম ডিগ্রি অর্জন করেন ১৯৬৩ সালে। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি (১৯৬৮) এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার স্কুল অব বিজনেস থেকে পিএইচডি ডিগ্রি (১৯৭৬) অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এ শিক্ষক এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সেন্টার ফর পপুলেশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ (সিপিএমআর)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। ১৯৬৩ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি শিক্ষক, গবেষক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নকর্মী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি নাইজেরিয়ার আহমাদু বেলো বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

অধ্যাপক মিয়ানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইইউবিএটি ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে তাঁর জীবন ও কর্মের উপর উন্মুক্ত আলোচনা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ বিভিন্ন আয়োজন।

অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ ও স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশের উচ্চশিক্ষার পরিসরে যুগান্তকারী পরিবর্তন এনেছেন। তাঁর অগ্রণী চিন্তা, নেতৃত্ব ও অবদান আজও দেশের হাজারো শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।