বগুড়ার শেরপুরে যাত্রীবেশে ইজিবাইক ভাড়া নিয়ে চালকদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে গাড়ি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া চারটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারী রয়েছেন।
শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিনের দিকনির্দেশনায় এসআই বিকাশ চক্রবর্তীর নেতৃত্বে গত ১০ মে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আংগুরী বেগম (৪৮), লিটন প্রাং ওরফে বাটু (৪২), তার স্ত্রী ছালেহা বিবি (৩৯) ও শহিদুল ইসলাম সোহাগ শেখ (৩৭)।
পুলিশ জানায়, এই চক্রটি সন্ধ্যার আগে ইজিবাইক রিজার্ভ ভাড়া করত এবং নির্জন স্থানে নিয়ে চালকদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ফেলত। এরপর ইজিবাইক নিয়ে পালিয়ে যেত তারা।
শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন জানান, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং চারটি চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুশল/সাএ