রাঙামাটির সাজেক ইউনিয়নে নিজেদের এক সদস্য হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
সোমবার (১১ মে) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ দুপুর ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। অবরোধের অংশ হিসেবে সকাল থেকেই সাজেক সড়কের গঙ্গারাম সেতু এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। এতে সাজেক-দীঘিনালা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, গত শনিবার ইউপিডিএফের সদস্য হেগেরা চাকমা (৪৯), ওরফে তরুণ ও সুজয়, সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনার প্রতিবাদেই সংগঠনটি আধাবেলা সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করে।
হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)-কে দায়ী করা হলেও সংশ্লিষ্ট পক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
উল্লেখ্য, গত ৯ মে ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তবর্তী শুকনাছড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের বাঘাইহাট সংলগ্ন রেতকাবা গ্রামের রঙ্গমনি চাকমার সন্তান।
সালাউদ্দিন/সাএ