সোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জে টিসিবির ট্রাক সেলের শুভ উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ১১, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে কিশোরগঞ্জে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর উদ্যোগে ট্রাক সেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের কাচারিবাজার সংলগ্ন এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার (ডিডিএলজি) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ঈদকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। টিসিবির ট্রাক সেলের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন সাধারণ ক্রেতারাও।

টিসিবির এ বিশেষ কার্যক্রমে ৪৮০ টাকার প্যাকেজের মাধ্যমে ক্রেতাদের মাঝে বিক্রি করা হচ্ছে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি ডাল এবং ১ কেজি সাদা চিনি। নির্ধারিত মূল্য অনুযায়ী সয়াবিন তেল প্রতি কেজি ১৩০ টাকা, ডাল প্রতি কেজি ৭০ টাকা এবং সাদা চিনি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।

উদ্বোধনের পর থেকেই ট্রাক সেলের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যায়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুর শ্রেণির মানুষ কম মূল্যে পণ্য কিনতে ভিড় করেন। তারা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে টিসিবির এ উদ্যোগ তাদের জন্য অনেক সহায়ক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালু রাখা হয়েছে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন তার বক্তব্যে বলেন, আজ থেকে কিশোরগঞ্জ সদর উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন ১০টি পয়েন্টে মোট ৪০০ জনের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলাতেও টিসিবির ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন।

তিনি ডিলারদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, সুশৃঙ্খলভাবে পণ্য বিক্রি করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।