
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেনইউ কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরপরই শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আহত শ্রমিকদের স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। এখন পর্যন্ত শতাধিক আহতকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার তৎপরতা ও আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খনির কয়েকজন কর্মকর্তাকে ইতোমধ্যে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার ফলে এই বিস্ফোরণ ঘটে।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকাজে ছয়টি বিশেষায়িত দলের ৩৪৫ জন সদস্য অংশ নিয়েছেন। শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন অঞ্চল। অতীতেও সেখানে একাধিক বড় খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।