
সংগৃহীত ছবি
কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। এতে ক্ষুব্ধ মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনায় মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে পাল্টা হামলা শুরু হয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির উপকূলীয় শহর সিরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের পূর্বাঞ্চলেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
খবরে আরও বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপেও হামলা চালানো হয়েছে। একই সঙ্গে বন্দর আব্বাস এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এ হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে হেলিকপ্টার ভূপাতিত করার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট টাম্প। টহল দেওয়ার সময় ইরান ওই হেলিকপ্টার ভূপাতিত করেছে জানিয়ে ট্রাম্প বলেন, ইরানের এই হামলার জবাব দেওয়া হবে। তার এই হুঁশিয়ারির কিছুক্ষণের মধ্যেই হামলা চালানো হয় ইরানে।
এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে একটি চুক্তি করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্র। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ওই ইঙ্গিত দিয়েছিলেন। গত রোববার রাত থেকে পরদিন সোমবার সকাল পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ট্রাম্পের হস্তক্ষেপে দুই পক্ষ হামলা বন্ধ করতে রাজি হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে। এর পর থেকেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এই জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ সরবরাহ হয়ে থাকে।
পাল্টাপাল্টি হামলার মধ্যে গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। এরপর দুই পক্ষের মধ্যে স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা চলার মধ্যেই আবার সংঘর্ষে জড়ায় ইরান ও ইসরায়েল। সেই সংঘর্ষ আপাতত বন্ধ আছে। তবে নতুন করে সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্য যুদ্ধের ডংকা আবারও বেজে উঠল। সূত্র: আল-জাজিরা, এএফপি