ছবি: প্রতিনিধি
৬ষ্ঠ জাতীয় চা দিবস উপলক্ষে সারা দেশের মধ্যে ‘শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী’ ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার লাভ করেছেন ইস্পাহানি টি কোম্পানির নেপচুন চা বাগানের চা শ্রমিক জেসমিন ওরাঁও। ২০২৫ সালে তিনি মোট ২৫ হাজার ৬২১ কেজি চা-পাতা চয়ন করে এ স্বীকৃতি অর্জন করেন।
জেসমিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নেপচুন চা বাগানের একজন স্থায়ী শ্রমিক। শ্রমিক-সম্পর্কিত ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী হিসেবে তিনি সম্মাননা লাভ করেন।
পুরস্কার হিসেবে তিনি ১৮ ক্যারেট স্বর্ণের এক ভরি সমমূল্যের অর্থাৎ ১ লাখ ৮৭ হাজার ৬০৯ টাকার একটি চেক পেয়েছেন।
শনিবার শ্রীমঙ্গলে ৬ষ্ঠ জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী তার হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মঈনউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ চা সংসদের সভাপতি কামরান টি রহমান।