Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সুনামগঞ্জে স্মৃতিসৌধে মিছিল ও স্লোগান: ২৫ আইনজীবীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ২

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

​সুনামগঞ্জে মহান স্বাধীনতা দিবসে আদালত চত্বরের স্মৃতিসৌধে মিছিল ও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণের ঘটনায় আওয়ামীপন্থী ২৫ আইনজীবীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় পুলিশ এখন পর্যন্ত দুই আইনজীবীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। ​গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেলা ১১টার দিকে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’-এর ব্যানারে একদল আইনজীবী একটি মিছিল বের করেন। মিছিলটি আদালত চত্বরের স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে তারা পুষ্পস্তবক অর্পণ করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। এই কর্মসূচির ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

​পুলিশ জানায়, সরকারি বিধিনিষেধ ও শান্তি-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২৫ জন আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের সবার বিরুদ্ধেই সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে।

​বৃহস্পতিবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত দুইজন আইনজীবীকে গ্রেপ্তার করে। তারা হলেন অ্যাডভোকেট মনীষ কান্তি দে (মিন্টু) তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, অ্যাডভোকেট মিজানুর রহমান (শামীম) জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য।

​গ্রেপ্তারকৃতদের শুক্রবার জুমার নামাজের পর কড়া পাহারায় সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

​মামলায় জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদেরও আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন (সহসভাপতি, জেলা আওয়ামী লীগ),​অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন (যুগ্ম সম্পাদক)​,অ্যাডভোকেট নজরুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক),​এছাড়াও নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, বিমান রায়, হাসান মাহবুব সাদী ও পঙ্কজ তালুকদারসহ আরও অন্তত ২০ জন আইনজীবী।

​সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “স্মৃতিসৌধে উসকানিমূলক স্লোগান ও মিছিলের দায়ে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

​এ ঘটনার পর থেকে আদালত চত্বর ও এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আওয়ামীপন্থী আইনজীবীদের একটি বড় অংশ এই মুহূর্তে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।