মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের উদ্যোগে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মধ্যম নিচিন্তা জামেয়া আহমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এই ক্যাম্পে প্রায় ৫০০ জন সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষকে চর্মরোগ, শিশু, সাধারণ চিকিৎসা ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ বিনামূল্যে দেওয়া হয়। এছাড়া ডেন্টাল চেক-আপ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণেরও ব্যবস্থা রাখা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন আনোয়ার হোসেন ভূইয়া, জেলা গভর্নর, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল, সাবেক প্যানেল মেয়র, ফেনী পৌরসভা ও কো-ফাউন্ডার, ফেনী লায়ন্স ফ্যামিলি; রবিউল আলম মাহবুব, সাবেক চেয়ারম্যান, ৮ নং রাধানগর ইউনিয়ন; লায়ন পলাশ চন্দ্র সূত্রধর, চাটার্ড প্রেসিডেন্ট, ফেনী ও ক্লাব কো-এডভাইজার; এবং হুমায়ূন খন্দকার, সদস্য সচিব, ৮ নং রাধানগর ইউনিয়ন।
প্রেসিডেন্ট লিও এস জেড অপু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ—লায়ন দীন মোহাম্মদ, লায়ন দীন মোহাম্মদ দিনু, লায়ন রইসুল ইসলাম রিমন, লায়ন আশরাফুল আলম আরমান, লায়ন এস এম সাহেদ, লিও মোঃ কাউসার, এবং সহ-প্রধান কর্মকর্তারা লিও আল আমিন, লিও তৌহিদুল ইসলাম, লিও কাজী মানিক।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন আনোয়ার হোসেন ভূইয়া বলেন, “লিও ক্লাবের এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত প্রশংসনীয়। তরুণদের এই সেবামূলক ভূমিকা একটি মানবিক ও উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
সভাপতির বক্তব্যে লিও এস জেড অপু বলেন, “Service Above Self এই মূলমন্ত্রকে ধারণ করে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। সীমিত সামর্থ্য নিয়েও আমরা চেষ্টা করছি যেন সমাজের অসহায় মানুষদের জন্য কিছু করা যায়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি রবিউল আলম মাহবুব বলেন, “এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা একটি বড় সহায়তা।”
এছাড়া এক সেবাগ্রহীতা জানান, “এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। এমন উদ্যোগ আমাদের মতো মানুষের জন্য অনেক বড় সহায়তা।”
ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের এই মেডিকেল ক্যাম্প দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ হিসেবে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
