ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের ব্যস্ততম সড়কবাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মো. জনি মিয়া নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জনি উপজেলার দক্ষিণ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাসিন্দা।
গতকাল বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা প্রশাসন এ তথ্য জানায়। এর আগে সন্ধ্যায় সড়ক বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ফুটপাতে বসে ব্যবসা পরিচালনা করায় তাকে এ দন্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী রাবেয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়কবাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিল জনি মিয়া। এতে পথচারীদের স্বাভাবিক চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী রাবেয়া বলেন, “যানজট নিরসন ও পথচারীদের দুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করলে জরিমানার পাশাপাশি আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, আখাউড়া পৌরশহরের সড়কবাজার এলাকায় দীর্ঘদিন ধরে যানজট ও ফুটপাত দখলের সমস্যা ছিল। এ সমস্যা নিরসনে সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটপাত ও সড়কের ওপর বসা হকার ও ব্যবসায়ীদের পৌরসভা কার্যালয়ের পাশে নির্ধারিত স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। একই স্থানে মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়। এ ছাড়া শহরের ব্যস্ততম সড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়। প্রশাসনের এসব উদ্যোগের ফলে সড়কবাজার এলাকায় যানজট ও পথচারীদের দুর্ভোগ আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে যানজট নিরসন ও শহরের শৃঙ্খলা ফেরাতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।