হবিগঞ্জের মাধবপুরে কাস্টমসের নথিপত্র জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ভারতীয় জিরা পরিবহনের অভিযোগে ৯ হাজার কেজি জিরাসহ একটি ট্রাক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার করা জিরার আনুমানিক মূল্য ৬৩ লাখ টাকা এবং ট্রাকটির মূল্য ৫০ লাখ টাকা। সব মিলিয়ে জিরা ও ট্রাকের মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ট্রাকে করে ঢাকায় নেওয়া হচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চেকপোস্ট থেকে প্রায় ৫০০ গজ দূরে ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ৩০০ বস্তায় থাকা ৯ হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
তল্লাশির সময় ট্রাকের ড্যাশবোর্ড থেকে কাস্টমসের বিল অব এন্ট্রি ও চালানপত্রের কয়েকটি কপি পাওয়া যায়। বিজিবির প্রাথমিক অনুসন্ধানে নথিপত্রগুলো কালার স্ক্যান ও জালিয়াতির মাধ্যমে তৈরি বলে সন্দেহ করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করে সেগুলো ভুয়া ও জাল বলে নিশ্চিত হওয়া যায়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, অভিযানে ৯ হাজার কেজি জিরার আনুমানিক মূল্য ৬৩ লাখ টাকা এবং ট্রাকটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
তিনি আরও বলেন, উদ্ধার করা জিরা ও ট্রাক আইনগত প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।