Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সেচ দিয়ে ধান রক্ষা: অপরিকল্পিত বাঁধের মাশুল দিচ্ছে সুনামগঞ্জের কৃষক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের দিগন্তজোড়া হাওরে এখন সোনালী ধানের সমারোহ। অকাল বন্যার ঝুঁকি এড়াতে আগাম জাতের ‘ব্রি-৯৬’ ধান চাষ করে জেলায় বাম্পার ফলনের নজির সৃষ্টি হয়েছে। গত বুধবার বিকেলে খরচার হাওরে ধান কাটার উৎসব শুরু হলেও আনন্দের এই আবহে বিষাদ হয়ে দাঁড়িয়েছে ‘অপরিকল্পিত বাঁধ’ ও ‘জলাবদ্ধতা’। একদিকে ধান ঘরে তোলার ব্যস্ততা, অন্যদিকে সেচ মেশিন দিয়ে জমি থেকে পানি সরানোর লড়াই—সব মিলিয়ে এক মিশ্র পরিস্থিতি বিরাজ করছে হাওর জনপদে।

​গত চার বছর ধরে সুনামগঞ্জে জনপ্রিয় হয়ে ওঠা ব্রি-৯৬ জাতের ধান এবারও কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। চাল চিকন ও সুস্বাদু হওয়ার পাশাপাশি দ্রুত ঘরে তোলা যায় বলে এটি এখন হাওরবাসীর প্রধান ভরসা। জেলার জামালগঞ্জ, মধ্যনগর, শান্তিগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার হাওরগুলোতে এখন চলছে ফসল কাটার ধুম।

​মুক্তিয়ারকলা গ্রামের কৃষক মারফত আলী জানান, তিনি ১০ কেয়ার জমিতে এই ধান আবাদ করেছেন এবং প্রতি কেয়ারে ১৮ মণ ফলনের আশা করছেন। আগাম ধান বাজারে তুললে ভালো দাম পাওয়ার পাশাপাশি শ্রমিক সংকট থেকেও রক্ষা পাওয়া যায় বলে জানান কৃষকরা।

​উৎসবের আমেজ থাকলেও সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে এখন চরম উৎকণ্ঠা বিরাজ করছে। সাম্প্রতিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিচু এলাকার জমিগুলো তলিয়ে গেছে। তবে কৃষকদের অভিযোগ, এই জলাবদ্ধতা কেবল প্রাকৃতিক নয়; বরং হাওরের অপরিকল্পিত বাঁধ নির্মাণই এর প্রধান কারণ।

​জলাবদ্ধতা নিরসনে কৃষকরা নিজ উদ্যোগে সেচ মেশিন দিয়ে পানি সেচে ধান রক্ষার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ভুক্তভোগী কৃষকদের দাবি, সঠিক স্থানে স্লুইস গেট না থাকা এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাঁধ দেওয়ায় সামান্য বৃষ্টিতেই জমি তলিয়ে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে অনেক জায়গায় আধা-পাকা ধানও কেটে নিতে হচ্ছে।

​কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর সুনামগঞ্জ জেলায় ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৪ লাখ টন।

​জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, ইতোমধ্যে আগাম জাতের বিভিন্ন ধানসহ প্রায় ১১৪ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় কৃষকরা সংকটে পড়েছেন।

​শাল্লার ইউপি চেয়ারম্যান ও বড় কৃষক ছত্তার মিয়া বলেন,​”জলাবদ্ধতার কারণে আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিন জমিতে নামানো যাচ্ছে না। যেখানে যন্ত্র দিয়ে দ্রুত ধান কাটার কথা, সেখানে পানি জমে থাকায় শ্রমিকের ওপর নির্ভর করতে হচ্ছে, যা খরচ ও সময় দুই-ই বাড়িয়ে দিচ্ছে।”

​হাওরের কৃষিতে ব্রি-৯৬ জাতের ধান নতুন বিপ্লব আনলেও ‘অপরিকল্পিত বাঁধ’ সেই সাফল্যে জল ঢেলে দিচ্ছে। কৃষকদের দাবি, ভবিষ্যতে বাঁধ নির্মাণের ক্ষেত্রে পানি নিষ্কাশনের সঠিক পথ নিশ্চিত না করলে আগাম জাতের ধান চাষের এই সুফল দীর্ঘস্থায়ী হবে না। এখন দেখার বিষয়, প্রকৃতির চোখ রাঙানি আর জলাবদ্ধতা ডিঙিয়ে কত দ্রুত ঘাম ঝরানো এই ফসল গোলায় তুলতে পারেন হাওরের মেহনতি মানুষ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।