রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ডুয়েটে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেটিভ ইভেন্ট


সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গবেষণা ও উদ্ভাবনকে বাস্তবমুখী ও বাজারোপযোগী করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণাকে বাস্তবে রূপ দিতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন জরুরি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেটিভ ইভেন্ট ২০২৬’-এর গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘স্ট্রেন্থেনিং স্টার্ট-আপ, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক এ আলোচনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, গবেষণা ও সম্প্রসারণ বিভাগের পরিচালক এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, গবেষণা, উদ্ভাবন ও স্টার্ট-আপ সংস্কৃতির বিকাশে সরকার ও ইউজিসি বিভিন্ন নীতিগত উদ্যোগ নিয়েছে। তরুণ উদ্যোক্তা ও গবেষকদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে অর্থায়ন, পরামর্শ এবং প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের গোলটেবিল আলোচনা শিল্প ও একাডেমিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, স্টার্ট-আপ সংস্কৃতি ও ক্রিয়েটিভ ইকোনমি বিকাশে চলতি বাজেটে বিভিন্ন বরাদ্দ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে হবে।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় তিনি বলেন, শিল্পখাতের সঙ্গে সমন্বিত সহযোগিতা ছাড়া গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবে রূপ দেওয়া কঠিন। এ কারণে ডুয়েট শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, ইন্টার্নশিপ ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সম্প্রসারণে কাজ করছে। উপাচার্য বলেন, কার্যকর একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা প্রতিষ্ঠা করা গেলে দেশের উৎপাদন খাতে প্রবৃদ্ধি বাড়বে, আমদানি নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। এ ধরনের আলোচনা তিন মাস পরপর আয়োজন এবং ছয় মাস পরপর ইউজিসিতে প্রতিবেদন দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা এবং উদ্ভাবনী প্রকল্পকে বাণিজ্যিকভাবে কাজে লাগানো ডুয়েটের অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে আইসিটি ইনকিউবেটর নির্মাণ করা হয়েছে। প্যানেল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। তিনি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডুয়েটের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। পরে ‘ডুয়েটে গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবন সুবিধাদি’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। আলোচনায় বিডিরেন, ব্র্যাক ব্যাংক পিএলসি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রাণ-আরএফএল গ্রুপ, নেসলে বাংলাদেশ, আকিজ সিরামিকস, উর্মি গ্রুপ, ম্যাক্স গ্রুপ, জেনকোর সল্যুশনস, ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস, মাসকো গ্রুপ, ডিক্যাথলন, র‌্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

পরে শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে সমাপনী বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘দ্য ফিউচার অব ইয়ুথ ইন বাংলাদেশ ইন দ্য পারস্পেকটিভ অব অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড সফট স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সফট স্কিল উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। জেনকোর সল্যুশনসের সিইও ও সাবেক ডুয়েটিয়ান জিশান আহাম্মদ শিক্ষার্থীদের সঙ্গে তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});