চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. সোহেল সরকার (৪২)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় তাঁর নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সোহেল সরকার জানান, তিনি জৈনা বাজার এলাকায় নিজস্ব ভবনে ভাড়া বাসা পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। গত ২৬ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। পরদিন সকালে ভাড়াটিয়ারা দেখতে পান, ভবনের ১৩টি বিদ্যুৎ মিটারের পেছন থেকে প্রায় ১৭ হাজার ৩০০ টাকা মূল্যের দুটি কয়েল তার চুরি হয়ে গেছে।
তিনি বলেন, ঘটনার পর স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করতে গিয়ে ২৭ এপ্রিল বিকেলে জৈনা বাজারের একটি ভাঙারি দোকানে তাঁর চুরি হওয়া তার খুলে তামা বের করা হচ্ছে বলে দেখতে পান। এ সময় অভিযুক্ত ভাঙারি ব্যবসায়ী ফারুক (৩৫) তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দোকান থেকে বের করে দেন বলে অভিযোগ করেন তিনি।
সোহেল সরকার আরও অভিযোগ করেন, একই দিন সন্ধ্যায় কুলসুম আক্তার (৪৩) নামে এক নারী তাঁর ফার্নিচারের শোরুমে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় মামলা বা সালিশ করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয় বলে দাবি তাঁর।
তিনি জানান, ঘটনার সময় তিনি মোবাইল ফোনে প্রায় চার মিনিটের একটি ভিডিও ধারণ করেন। ভিডিওতে কুলসুম আক্তারকে তাঁকে গালিগালাজ করতে এবং একপর্যায়ে হাতে জুতা নিয়ে তেড়ে এসে মারধর করতে দেখা যায় বলে দাবি করেন তিনি। তবে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “Sotto ki সত্য কি” নামের একটি ভুয়া আইডি থেকে সম্পাদনা করে ভিন্নভাবে প্রচার করা হয়েছে, যা তাঁর মানহানির কারণ হয়েছে।
সোহেল সরকার বলেন, আমি এবং আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় তারা আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি।
এ ঘটনায় তিনি শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা অপপ্রচার বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
