গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুরে পারুলিয়া খাল এবং রাজেন্দ্রপুর এলাকায় বিন্দাই খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে নেওয়া এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা ইতিবাচক হিসেবে দেখছেন।
আজ শনিবার (২মে) সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইউজিপিপি (Urban Governance and Infrastructure Project Programme) কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলি জমে খাল দুটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। কৃষিজমি পানির নিচে তলিয়ে যাওয়া, চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং দৈনন্দিন জীবনে দুর্ভোগ ছিল নিত্যদিনের চিত্র।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, সরকারের পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী খাল, নদী ও জলাধার পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুরের গুরুত্বপূর্ণ এই দুটি খালের পুনঃখনন কার্যক্রম শুরু হলো। তিনি বলেন, খালগুলো পূর্ণাঙ্গভাবে খনন সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এতে কৃষকেরা সহজে জমিতে চাষাবাদ করতে পারবেন, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, খাল পুনঃখনন শুধু জলাবদ্ধতা নিরসনেই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা বলেন, প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হবে। কাজের মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ উজ্জ্বল জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইউজিপিপি কর্মসূচির আওতায় এ দুটি খাল পুনঃখনন করা হচ্ছে। তিনি বলেন, পারুলিয়া খালের ৩ দশমিক ৪৫০ কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৫৮ টাকা। অন্যদিকে, বিন্দাই খালের ২ দশমিক ৪০ কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ২০ টাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, খাল দুটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যেত। এতে চলাচলে দুর্ভোগের পাশাপাশি কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হতো। খনন কাজ দ্রুত শেষ হলে তারা এ দুর্ভোগ থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রকল্পের আওতায় খালের পলি অপসারণের পাশাপাশি তীর সংরক্ষণ এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অবকাঠামোগত ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে শ্রীপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।